মারুফ হাসান মিহির : মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন গোপালগঞ্জের এক প্রবাসী। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলার কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে প্রবাসী মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান।
এর আগে দুপুরে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় হেলিকপ্টারটিকে দেখতে ভিড় জমায় শত শত উৎসুক জনতা।
বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজছাত্রী প্রেরণা সরকার। পারিবারিকভাবে এই বিয়ে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী মিলন মধু।
তিনি বলেন, ‘আমি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডান ছিলাম। তিন ভাই ও এক বোনের মধ্যে আমি সবার ছোট।আমার মা ইচ্ছা পোষণ করেছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছে পূরণে আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছি।’
মিলন মধুর মা ললিতা মধু বলেন, ‘আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে। এতে আমার খুব আনন্দ লাগছে।আমার ছেলে মিলন আগামী রবিবার বৌ মাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবে।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, ‘মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়। সে তার মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে, এতে আমরা খুব আনন্দিত। আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে এটাই প্রথম বিয়ে।’
