সামসুল আলম
১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিপুলসংখ্যক নেতাকর্মীর গণসংবর্ধনার শেষে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। শুক্রবার বাদ জুমা বেলা ২টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। এরপরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে আজ দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিএনপি।
