আলী হোসেন আশিক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার তুলে ধরবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের এটিই প্রথম ইশতেহার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তার মাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এই তথ্য জানান।
দলীয় সুত্রে জানা গেছে; ইশতেহারে প্রাধান্য পাচ্ছে জনগণের সমস্যার সমাধান ও তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রূপকল্প।
সেই সাথে জনগণের ক্ষমতায়ন জনগণের রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা অধিকার, নিরাপত্তা সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথাও থাকছে।
হোটেল সোনারগাঁওয়ের এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এরআগে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
