মারুফ হাসান মিহির : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাধারণ ক্রেতারা আগামীকাল সোমবার থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে। আজ রোববার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের পাশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করবেন।
টিসিবির একটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার বোতলজাত ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে। সব পণ্য একসঙ্গে কেনার জন্য একজন ক্রেতার খরচ হবে ৪৮০ টাকা।
বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল ১৯৯ টাকা, প্রতি কেজি চিনি ১০৫ থেকে ১১০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে লাগে ৭০৩ থেকে ৭১৮ টাকা। সেই হিসেবে টিসিবির থেকে এসব পণ্য কিনলে একজন ক্রেতার সাশ্রয় হবে ২২৩ থেকে ২৩৮ টাকা।
